9 Nov 2025 | Pic: Collected
ইতালির বিখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাডা সম্প্রতি তাদের নতুন পণ্য ‘ক্রোচেট সেফটি পিন ব্রোচ’-এর কারণে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, সাধারণ একটি সেফটি পিনের মতো দেখতে এই ব্রোচটির দাম রাখা হয়েছে ৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকার সমান। সাধারণত স্থানীয় দোকানে ১০ থেকে ২০ টাকায় ১৫ থেকে ২০টির প্যাক সেফটি পিন পাওয়া গেলেও প্রাডার এই পণ্যটির দাম এতটাই চমকপ্রদ যে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনার বন্যা বইছে।
প্রাডার ওয়েবসাইট অনুযায়ী, এই পিনটি রঙিন ক্রোশে কর্ড বা সুতো দিয়ে মোড়ানো এবং এর সঙ্গে প্রাডার স্বাক্ষরিত ত্রিভুজাকার লোগো ঝুলছে। পিতল ও সুতো দিয়ে তৈরি এই ব্রোচটির দৈর্ঘ্য প্রায় ৩.১৫ ইঞ্চি, এবং এটি তিনটি ভিন্ন রঙের সমন্বয়ে পাওয়া যাচ্ছে—নীল ও বাদামি, বেবি পিংক ও পিস্তাচিও সবুজ, এবং কমলা ও বাদামি। ব্র্যান্ডটির মতে, এটি শরতের মৌসুমের আবহকে তুলে ধরবে। ক্রেতারা চাইলে এই তিনটি রঙের যেকোনো একটি বেছে নিতে পারেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দামকে ‘অযৌক্তিক’ বলে বিদ্রুপ করেছেন। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “আমরা তো স্কুলের সূচিকর্ম ক্লাসে এমন পিন বানাতাম!” আরেকজন মন্তব্য করেন, “আমি নিজের মতো করে বানিয়ে নিতে পারি, চাইলে তাতে সোনার চার্মও লাগিয়ে ফেলবো।”
কেউ কেউ মজার ছলে বলেছেন, “এত টাকায় পুরো এক আলমারি জামাকাপড় কেনা যায়!” আবার কেউ লিখেছেন, “আমি একইরকম পিন পাঁচ টাকায় কিনেছি।” এদিকে অনেকেই বলেছেন, এমন দামের জিনিস কেউ ব্যবহার করার সাহস করবে না, কারণ হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়ার আশা নেই! এই ব্রোচ নিয়ে বিশ্বজুড়ে শুরু হওয়া আলোচনায় প্রাডার ফ্যাশন নীতি ও বিলাসবহুল পণ্যের মূল্য নির্ধারণের ধারণা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।



