এআই প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান xAI, যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মার্কিন ব্যাংকিং জায়ান্ট মর্গ্যান স্ট্যানলির নেতৃত্বে ৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ সংগ্রহের পথে রয়েছে। তবে হাই-ইল্ড ও লেভারেজড লোন বিনিয়োগকারীদের মধ্যে এই ঋণ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Source: Reuters | 18 June 2025 | Pic: Collected
এই ঋণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি ফ্লোটিং রেট টার্ম লোন, একটি ফিক্সড রেট লোন এবং কিছু সিকিওর্ড বন্ড। এগুলো বুধবার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
ফ্লোটিং রেট লোনটির সুদের হার নির্ধারণ করা হয়েছে SOFR (Secured Overnight Financing Rate)-এর ওপর ৭০০ বেসিস পয়েন্ট যুক্ত করে। অন্যদিকে, ফিক্সড রেট ঋণ এবং বন্ডের বার্ষিক লাভ নির্ধারিত হয়েছে প্রায় ১২ শতাংশ। তুলনামূলকভাবে, হাই-ইল্ড মার্কেটের গড় ইল্ড-টু-ম্যাচিউরিটি বর্তমানে ৭.৬ শতাংশ, অর্থাৎ xAI-কে তুলনামূলকভাবে বেশি সুদ দিতে হচ্ছে, কারণ প্রতিষ্ঠানটি এখনো লাভজনক হয়নি এবং এর কোনো ঋণ ক্রেডিট রেটিং নেই।
একাধিক বিনিয়োগকারী এই ঋণ প্রস্তাবে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁদের মতে, xAI এখনো লাভজনক না হওয়ায় এবং ঋণ রেটিং না থাকায় ঝুঁকি অনেক বেশি। একইসঙ্গে মাস্কের অতীত ঋণ ব্যবস্থাপনার রেকর্ডও বিনিয়োগকারীদের চিন্তিত করেছে— বিশেষ করে ২০২২ সালে টুইটার (বর্তমানে X) অধিগ্রহণে নেওয়া ১৩ বিলিয়ন ডলারের ঋণের সময় ব্যাংকগুলো যে বিপাকে পড়েছিল, সেটি এখনো অনেকের স্মরণে আছে।
তবে সবকিছু সত্ত্বেও xAI-এর ঋণ সংগ্রহ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হচ্ছে। জানা গেছে, বিনিয়োগকারীরা প্রস্তাবিত ঋণের পরিমাণের ১.৫ গুণ অর্ডার দিয়েছেন, যদিও সাধারণত এ ধরনের উচ্চ ঝুঁকিপূর্ণ বন্ড বা লোন ডিলের ক্ষেত্রে অর্ডার হয় ২.৫ থেকে ৩ গুণ।
উল্লেখযোগ্যভাবে, টুইটার অধিগ্রহণের সময় মর্গ্যান স্ট্যানলি ও অন্যান্য ব্যাংক নিজেরা বিনিয়োগে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু xAI-এর এই ডিলে “বেস্ট এফোর্টস” ভিত্তিতে কাজ করছে মর্গ্যান স্ট্যানলি— অর্থাৎ ব্যাংকটি নিজে কোনো অর্থ বিনিয়োগ করছে না বা বিক্রির নিশ্চয়তাও দিচ্ছে না।
এদিকে, xAI শুধু ঋণ নয়, নতুনভাবে ২০ বিলিয়ন ডলারের ইকুইটি তোলার পরিকল্পনাও করছে, যার ফলে কোম্পানিটির সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে ১২০ বিলিয়ন থেকে ২০০ বিলিয়ন ডলারের মধ্যে, এমনটাই জানিয়েছে রয়টার্স।




