ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ২৫ জুলাই টানা ৪,০৭৮ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন। এর মাধ্যমে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর টানা দায়িত্ব পালনের রেকর্ডকে পেছনে ফেললেন। ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ৪,০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন।

25 July 2025 | Pic: Collected
আজকের দিন থেকেই মোদি ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেলেন। ২০১৪ সালের ২৬ মে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নরেন্দ্র মোদির রাজনৈতিক যাত্রা নানা নজির সৃষ্টি করেছে। তিনি স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী এবং তিনবার টানা প্রধানমন্ত্রী হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে কংগ্রেস ব্যতীত অন্য কোনো দলের প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। মোদি সেই রেকর্ডও ভেঙেছেন।
তিনি ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, যা রাজ্যটিতে দীর্ঘতম সময়কালীন শাসনের নজির। প্রধানমন্ত্রী হিসেবে ২০১৪ সালে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়ার পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি দলকে আরও বেশি আসনে জয়ী করেন (৩০৩টি আসন)। যদিও ২০২৪ সালের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও মোদির নেতৃত্বে আবারও এনডিএ সরকার গঠন করে। নেহেরু ছাড়া নরেন্দ্র মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা তিনটি জাতীয় নির্বাচনে দলের নেতা হিসেবে জয়ী হয়েছেন। তার নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো অ-কংগ্রেসি হিসেবে দীর্ঘতম মেয়াদি শাসন প্রতিষ্ঠা করলো।
ইন্দিরা গান্ধীর উত্তরসূরি হিসেবে মোদির এই রেকর্ড এখন ভারতীয় রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন। প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী দ্বিতীয় দফায় ১৯৮০ সালের ১৪ জানুয়ারি থেকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা জওহরলাল নেহেরু ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ১৬ বছর ২৮৬ দিন দায়িত্ব পালন করেন। মোদির রাজনৈতিক কর্মক্ষমতা, স্থিতিশীল জনপ্রিয়তা ও নির্বাচনী সাফল্য তাকে ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছে।



