যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে একটি ছোট বিমান উড্ডয়নের মাত্র সাত মিনিট পর বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (৩০ জুন) সকাল ৭টা ১ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন ক্রু ও চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ইয়ংসটাউন-ওয়ারেন রিজিয়নাল এয়ারপোর্ট থেকে মাত্র দুই মাইল দূরে, হাউল্যান্ড টাউনশিপের একটি জঙ্গলে।

Source: Online Report | 1 July 2025 | Pic: Collected
নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ এবং স্থানীয় স্টেশন ডব্লিউএফএমজে (WFMJ) জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটি ছিল একটি Cessna 441 Conquest II, যা মন্টানার বোজম্যান অভিমুখে যাচ্ছিল। বিমানটি ওড়ার ঠিক সাত মিনিট পর কিং গ্রেভস রোড এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
ওহাইও স্টেট হাইওয়ে প্যাট্রোল দুর্ঘটনার কল পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয় এবং স্থানীয় করোনারের দপ্তরে পাঠানো হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রেভেনা এক সংবাদ সম্মেলনে বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছি, এই দুর্ঘটনায় কেউ জীবিত নেই। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত।”
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এনটিএসবি-র একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটির ব্ল্যাক বক্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান উদ্ধার করে বিশ্লেষণ করা হবে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।
সেসনা ৪৪১ একটি টুইন-ইঞ্জিনযুক্ত টার্বোপ্রপ বিমান, যা সাধারণত কর্পোরেট বা ব্যক্তিগত চার্টার ফ্লাইট হিসেবে ব্যবহৃত হয়। এটি ৮ থেকে ১০ জন যাত্রী পরিবহনে সক্ষম। এমনকি নিখুঁত আবহাওয়ায় এবং নির্ধারিত রুটে থাকা সত্ত্বেও কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা তদন্তকারী সংস্থাগুলোর জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সকালে বিকট শব্দ শুনে এলাকা কেঁপে উঠতে দেখেন এবং ধোঁয়া উঠতে দেখেন জঙ্গল থেকে।
এ দুর্ঘটনা আবারও যুক্তরাষ্ট্রে সাধারণ বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও ফ্লাইট চলাচলের পরিসংখ্যানে ছোট বিমান দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি, কিন্তু গত কয়েক বছরে এটি হ্রাস পেয়েছিল।




