
14 Oct 2025 | Pic: Collected
দীর্ঘ দুই বছর ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধ অবশেষে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। হামাস জীবিত ২০ জন ইসরাইলি জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে ফেরত দেয়, পাশাপাশি মৃতদের মরদেহও হস্তান্তর শুরু হয়েছে। এর জবাবে ইসরাইলও দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তেল আবিবের ‘জিম্মি স্কয়ার’-এ এই খবরে উল্লাস ও কান্নার মিশ্র আবেগ দেখা যায়।
মুক্ত বন্দিদের স্বাগত জানাতে গাজা ও ইসরাইল দুই প্রান্তেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। মধ্যপ্রাচ্য সফরে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের পার্লামেন্ট ‘নেসেট’-এ বক্তৃতায় বলেন, “আকাশ এখন শান্ত, বন্দুক থেমে গেছে, অবশেষে পবিত্র ভূমিতে শান্তি ফিরে এসেছে।”
নেসেটের ভাষণ শেষে ট্রাম্প মিশরের শারম আল-শেখে ইউরোপীয় ও আরব নেতাদের সঙ্গে “শান্তি সম্মেলন”-এ যোগ দেন, যেখানে গাজার ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।




