নেব্রাস্কার ফ্রেমন্ট শহরে হরাইজন বায়োফুয়েলস নামে একটি জ্বালানি পেলেট ও অ্যানিমেল বেডিং উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে ওমাহা থেকে প্রায় ৪০ মাইল দূরের এই শহরে বিস্ফোরণের শব্দ বহু মাইল দূর পর্যন্ত শোনা যায়।
ফ্রেমন্টের ফায়ার চিফ টড বার্ট জানান, আগুন লাগার পর কারখানা এলাকা থেকে প্রচণ্ড ধোঁয়া এবং আগুনের বিশাল শিখা বের হতে দেখা গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফায়ার টিমের সদস্যরা বিপুল আগুন ও ধোঁয়ার সম্মুখীন হন। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে অন্তত তিনজন কর্মী অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছেন ফ্রেমন্টের মেয়র জোয়ি স্পেলারবার্গ।

30 July 2025 | Pic: Collected
বিস্ফোরণের কারণে ভবনটির বড় অংশ ধসে পড়ে, ফলে দমকল কর্মীদের উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। এই অবস্থায় ফ্রেমন্ট ফায়ার ডিপার্টমেন্ট, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য নেব্রাস্কা টাস্ক ফোর্স ওয়ানের কাছে সহায়তা চেয়েছে।
চিফ বার্ট আরও জানান, কারখানার ভেতরে প্রচুর কাঠ এবং কিছু দাহ্য অ্যালকোহল-ভিত্তিক উপাদান সংরক্ষিত ছিল, যা বিস্ফোরণের মাত্রাকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে ঘটনাটি তদন্তে নেমেছে নেব্রাস্কা স্টেট ফায়ার মার্শাল অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে এবং সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি বা রাসায়নিক বিক্রিয়ার বিষয়েও তদন্ত চলছে।
নেব্রাস্কার গভর্নর জিম পিলেন এ ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের প্রার্থনা ও সহানুভূতি সংশ্লিষ্ট সকলের সঙ্গে রয়েছে। আমরা যেকোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।”
দমকল বাহিনী, উদ্ধার কর্মী এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এখনো উদ্ধার কার্যক্রম চলছে। স্থানীয় প্রশাসন আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানার নিকটবর্তী এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।



