নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সোমবার (১ জুলাই) মধ্যদুপুরে ১২ মিনিটের ব্যবধানে দুটি ডাকাতির চেষ্টা চালিয়ে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়েছেন এক সশস্ত্র ব্যক্তি। নিউ ইয়র্ক ডেইলি নিউজের বরাতে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে দুপুর ১টা ১০ মিনিটে, কোনি আইল্যান্ডের অ্যাভিনিউ ওয়ানের কাছে ইউএস পোস্টাল সার্ভিসের মিডউড শাখায়।

Source: Online Report | 1 July 2025 | Pic: Collected
চোখে নীল হেলমেট ও হাতে কালো ব্যাগসহ সশস্ত্র ওই ব্যক্তি পোস্ট অফিসে ঢুকে একমাত্র সেবাগ্রহীতা, ৩৭ বছর বয়সী এক নারীর পিঠে বন্দুক ঠেকিয়ে ধরেন। তখন তিনি পোস্ট অফিসের একমাত্র গ্রাহক ছিলেন। এরপর ডাকাত লোকটি কাউন্টারে থাকা সেবাদাতার কাছে অর্থ দাবি করলেও তা প্রত্যাখ্যান করেন পোস্টাল কর্মী। সাড়া না পেয়ে সে পোস্ট অফিসের দরজায় গুলি ছোড়ে এবং দ্রুত একটি কালো রঙের মপেডে করে কোনি আইল্যান্ড অ্যাভিনিউ ধরে উত্তরের দিকে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।
মাত্র ১২ মিনিট পর, দুপুর ১টা ২২ মিনিটে ওই একই ব্যক্তি আবার ডাকাতির চেষ্টা করেন ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার ইউটিকা অ্যাভিনিউ ও গ্লেনউড রোডে অবস্থিত একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান “Pay-O-Matic”-এ। সেখানেও তিনি অস্ত্র নিয়ে প্রবেশ করেন এবং অর্থ দাবি করেন। তবে দ্বিতীয় ঘটনাতেও তিনি ব্যর্থ হন।
এবার পালিয়ে যাওয়ার সময় ঘটে আরেক বিপত্তি। মপেডে করে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাস্থলেই পুলিশ তাকে আটক করে। ঘটনাটি এখন নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের (NYPD) তদন্তাধীন।
পুলিশ নিশ্চিত করেছে, দুই ঘটনায় ব্যবহৃত মপেড, গুলির ধরন, পোশাক ও সময়ের মিলের কারণে দুটো ঘটনার পেছনে একই ব্যক্তি দায়ী বলে ধারণা করা হচ্ছে। পোস্ট অফিস ও পে-ও-ম্যাটিক উভয় স্থানেই নিরাপত্তা ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিনের আলোয় এমন ঘটনার পর বেশ আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্রধারণ, ডাকাতির চেষ্টা, জননিরাপত্তা বিপন্ন করা এবং সরকারি সম্পত্তিতে গুলি চালানোর অভিযোগে মামলা করা হবে।




