নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম হাইওয়েগুলোর একটি, ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার ভোররাতে ক্লিনটন হিলের এমারসন প্লেস সংলগ্ন রাস্তায়, ওই ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের কংক্রিট বিভাজকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ ও এনওয়াইপিডি সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি কাওয়াসাকি ব্র্যান্ডের KLR650 মোটরসাইকেল চালিয়ে ব্রুকলিন থেকে কুইন্সের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত ২টার কিছু আগে, ব্রুকলিন নেভি ইয়ার্ডের কাছাকাছি তিনি আচমকাই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যান সড়কের সেন্টার ডিভাইডারে ধাক্কা মারেন। এতে তিনি গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান।

4 July 2025 | Pic: Collected
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি ছিল প্রচণ্ড জোরালো এবং শব্দ শুনেই তারা ৯১১ নম্বরে কল করে জরুরি সাহায্য চায়। স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রুকডেইল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি, কারণ তার পরিবারের সদস্যদের এখনো অবগত করা হয়নি। তবে পুলিশ নিশ্চিত করেছে যে ভুক্তভোগী পুরুষ এবং তিনি একা মোটরসাইকেলে ছিলেন। দুর্ঘটনার সময় কোনো অতিরিক্ত গাড়ির সংঘর্ষ বা তৃতীয় পক্ষের জড়িত থাকার প্রমাণ মেলেনি।
এই ঘটনার পর বৃহস্পতিবার সকালের কিছু সময় ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের ওয়েস্টবাউন্ড (পশ্চিমমুখী) লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যাতে তদন্তকারীরা সঠিকভাবে প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারেন। ট্র্যাফিক বিভাগ এবং দুর্ঘটনা তদন্ত ইউনিট এই দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য ত্রুটি অনুসন্ধানে কাজ করছে।
নিউ ইয়র্ক সিটির যানবাহন ব্যবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে এই ঘটনা আবারো মনে করিয়ে দিল, উচ্চগতির হাইওয়েতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতে কম আলো ও কম ট্র্যাফিকের সময় মোটরসাইকেল চালানো আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয় কমিউনিটি সদস্যরা হতাশা প্রকাশ করে বলেন, “এই এলাকায় প্রায়ই বেপরোয়া ড্রাইভিং লক্ষ্য করা যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়া উচিত।” কেউ কেউ হাইওয়ের ডিভাইডারগুলোতে পর্যাপ্ত রিফ্লেকটর না থাকার কথাও বলেন।




