
29 Nov 2025 | Pic: Collected
ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের গুচি পার্স চুরির ঘটনায় চিলির নাগরিক মারিও বুস্তামান্তে লেইভা, বয়স ৫০, দোষ স্বীকার করায় এখন তিনি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়েছেন। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট এবং দ্য গার্ডিয়ান জানায়, গত এপ্রিল মাসে ডিসির ক্যাপিটাল বার্গার রেস্টুরেন্টে সচিব নোম পরিবারের সঙ্গে ডিনার করছিলেন।
ঠিক সেই সময়ে লেইভা টেবিলের পাশ থেকে তার গুচি ব্যাগ চুরি করেন। ব্যাগে ছিল নোমের পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ডিএইচএস–এর ব্যাজ, অ্যাপার্টমেন্টের চাবি, একাধিক ক্রেডিট কার্ড, খালি চেক এবং প্রায় তিন হাজার ডলার নগদ। অভিযোগপত্র অনুযায়ী, ব্যাগ চুরির পর লেইভা বাসে উঠে জর্জটাউনে যান এবং একটি ইতালীয় রেস্টুরেন্টে নোমের চুরি হওয়া কার্ড ব্যবহার করে খাবার–পানীয় কেনেন। খাওয়া শেষে রেস্টুরেন্টের বাইরের টেবিলে কয়েক ঘণ্টা ঘুমিয়ে থাকেন তিনি।
আদালতে দাখিল করা প্লিয়া অ্যাগ্রিমেন্টে লেইভা স্বীকার করেছেন যে, ওই মাসে তিনি আরও দুই নারীর ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী চুরি করেছিলেন। এর আগে চিলি ও যুক্তরাজ্যে চুরি এবং ডাকাতির অভিযোগে বহুবার দণ্ডিত হয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাস করছিলেন বলেও জানা যায়। গত সপ্তাহে তিনি ওয়্যার ফ্রড এবং প্রথম শ্রেণির চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত সূত্র বলছে, সাজা ভোগ শেষ হলেই তাকে ‘বহিষ্কারের উপযোগী’ হিসেবে দেশে ফেরত পাঠানো হবে।
সচিব নোম এক বিবৃতিতে বলেন, “এ ব্যক্তি বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে থাকে এবং বহু মানুষকে ক্ষতির মুখে ফেলেছে। তাই অপরাধীদের রাস্তাঘাট থেকে সরিয়ে আমেরিকাকে নিরাপদ রাখতে প্রশাসন কাজ করছে।” লেইভা বর্তমানে হেফাজতে আছেন এবং আগামী মার্চে তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী অপরাধ এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




