মায়ের স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় অংশ নিতে না পারা আনিসা আরিফা অবশেষে আজ রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীর একটি ভিডিও গত ২৬ জুন দৈনিক ইত্তেফাকের ডিজিটালে প্রকাশিত হলে সেটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট মহলে শুরু হয় আলোড়ন। ভিডিওতে দেখা যায়, মায়ের অসুস্থতায় বিপর্যস্ত আনিসা পরীক্ষাকেন্দ্রে পৌছান দেড় ঘণ্টা দেরিতে, কিন্তু দেরির কারণে কর্তব্যরত শিক্ষকরা তাকে পরীক্ষায় বসতে দেননি।

Source: Ittefaq | 29 June 2025 | Pic: Collected
একদিকে মা হাসপাতালে, অন্যদিকে পরীক্ষায় বসতে না পারার বেদনায় মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে থাকেন আনিসা। বিষয়টি নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সহানুভূতির ঢল নামে, তখনই সরব হন সংশ্লিষ্টরা। শিক্ষা উপদেষ্টা বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে আনিসার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়ে তার খোঁজখবর নেওয়া হয়। তখন আনিসার মা ঘুমিয়ে থাকায় তাকে বিরক্ত না করে আনিসার সঙ্গেই কথা বলা হয় এবং জানা যায়, তিনি পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (২৮ জুন) আনিসা বলেন, “বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। রবিবার যথাসময়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেব।” এই বক্তব্যের সঙ্গে সুর মেলান তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা ও কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ জানান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছে এবং বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে মানবিক বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির কথা জানানো হয়। জানা গেছে, আনিসার বাবা নেই, ফলে একা মায়ের অসুস্থতা সামলাতে গিয়ে তার জীবনে এক বড় ঝড় বয়ে যায়।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার নীতিনির্ধারকরাও মানবিক এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেন—যা এইচএসসি পরীক্ষার মতো কঠিন সময়ে একজন শিক্ষার্থীর ভবিষ্যত রক্ষা করেছে। আনিসার এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, প্রশাসনিক কাঠামোর মধ্যেও মানবিকতা এখনও জীবিত এবং তা সঠিকভাবে ব্যবহার করলে একটিমাত্র সিদ্ধান্তও কোনো শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।



