শিকাগোর রিভার নর্থ এলাকার আর্টিস লাউঞ্জ নামক একটি নাইটক্লাবের বাইরে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা রাত ১১টার দিকে সংঘটিত হয়। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা গেছে, চলন্ত একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (SUV) থেকে ফ্লুটপাতে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর গুলি চালানো হয়। এই হামলায় কমপক্ষে চারজন নিহত ও ১৪ জনের বেশি আহত হয়েছেন।

4 July 2025 | Pic: Collected
ঘটনাস্থল হলো ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউর ৩০০ ব্লক। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাপার মেলো বাকজের একটি অ্যালবাম রিলিজ পার্টি শেষ করে লোকজন নাইটক্লাব থেকে বের হচ্ছিলেন, সেই সময় গাড়ি থেকে গুলি চালানো হয়। পুলিশ জানায়, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর আহতদের দ্রুত চারটি হাসপাতাল—ইলিনয়ের ম্যাসনিক হসপিটাল, মাউন্ট সিনাই হসপিটাল, স্ট্রোজার হসপিটাল, এবং নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর থেকে আশঙ্কাজনক।
বিশেষ করে, ২৪ বছর বয়সী এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে স্ট্রোজার হাসপাতালে ভর্তি হন, যেখানেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এছাড়া, একই হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ ২৫ বছর বয়সী আরেক তরুণের মৃত্যু হয়। নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি বুকে গুলিবিদ্ধ ২৬ ও ২৭ বছর বয়সী দুই নারীরও মৃত্যু ঘটে।
ঘটনার পর স্থানীয় পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন এবং সন্দেহভাজন হামলাকারীদের ধরতে নানা ধরনে অভিযান শুরু করেছে। যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার বা সন্দেহভাজনদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এই গুলিবর্ষণের ঘটনায় পুরো শিকাগো শহর এবং নাইটক্লাবের আশপাশের এলাকাটি শোকস্তব্ধ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই ধরনের সহিংসতা বন্ধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গত কিছু বছরে শিকাগো শহরে গুলির ঘটনায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যা স্থানীয় ও জাতীয় স্তরে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের ঘটনা সমাধানের জন্য সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে নজর দেওয়া প্রয়োজন।




