মাত্র ২০ সেকেন্ডের প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর ধরালি নামের একটি পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই ট্র্যাজেডি এখন দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি পূর্ণবাসিত জনপদ পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়ঙ্কর ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, হঠাৎ আসা পাহাড়ি ঢলে কাদামাটি মিশ্রিত পানির ভয়াল স্রোত গ্রামটির প্রতিটি ঘরবাড়ি, দোকানপাট ও বাজার এলাকা ধ্বংস করে দেয়। কিছুক্ষণ আগেও যেখানে ছিল মানুষের কোলাহল, সেখানে এখন কেবলমাত্র ধ্বংসাবশেষ।

6 August 2025 | Pic: Collected
টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তবে নিখোঁজদের সংখ্যা বেশি হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও বহু মানুষ নিখোঁজ, এবং উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ এর যৌথ দল নিয়োজিত রয়েছে। হেলিকপ্টারও পাঠানো হয়েছে নিখোঁজদের সন্ধানে এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে।
স্থানীয় প্রশাসন জানায়, গঙ্গোত্রী হাইওয়ের কাছাকাছি এই ধরালি গ্রামে মেঘ ফাটার (Cloudburst) ঘটনা ঘটে। মুহূর্তেই বন্যার পানি পাহাড়ি স্রোতের সাথে ধেয়ে এসে তছনছ করে দেয় গ্রামের প্রতিটি কোণা। বহু মানুষ প্রাণভয়ে ছুটোছুটি করতে থাকলেও পানির গতি এতটাই দ্রুত ছিল যে কারো পক্ষে পালানো সম্ভব হয়নি।
উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাতলি এলাকার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) ১২তম ব্যাটালিয়নের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। একইসঙ্গে আরও দল পাঠানো হয়েছে উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য।
প্রশাসন নদীর পার্শ্ববর্তী বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাচ্ছে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। শিশু এবং গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
উল্লেখ্য, বর্ষাকালে পাহাড়ি এলাকায় এমন বিপর্যয় নতুন নয়, তবে মাত্র ২০ সেকেন্ডের মধ্যে একটি সম্পূর্ণ জনপদ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। দেশজুড়ে এই ঘটনাটি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এবং আবারও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়েছে।




