লস অ্যাঞ্জেলসে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে এক ঘটনা। হলিউড এলাকায় টাও করা একটি টেসলা গাড়ির ভেতর থেকে ১৫ বছর বয়সী কিশোরী সেলেস্ট রিভাসের দেহ পাওয়া গেছে। তিনি গত বছর এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর থেকে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি গায়ক ডেভিড অ্যান্থনি বার্ক ওরফে d4vd এর নামে রেজিস্ট্রেশন করা। গাড়িটি প্রথমে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে টাও লটে নেওয়ার দুই দিন পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কর্মীরা গাড়ির সামনে ট্রাঙ্ক খুলে দেহটি আবিষ্কার করেন। দেহটি প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল এবং দীর্ঘ সময় গাড়ির ভেতরে থাকার কারণে দেহটি মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। LAPD ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি। মেডিক্যাল পরীক্ষক অফিস জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণে আরও সময় লাগবে।

19 September 2025 | Pic: Collected
ডি৪ভিড এখনও পর্যন্ত অভিযুক্ত নন। তার আইনজীবী জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন। তদন্তের অংশ হিসেবে হলিউড হিলস এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেখানে কিছু নথি ও ইলেকট্রনিক যন্ত্র জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, এই তথ্যগুলো তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘটনাটি দ্রুত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ ডি৪ভিড বর্তমানে টিকটক ও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তার গান Romantic Homicide এবং Here With Me ভাইরাল হয়ে তাকে আলোচনায় এনেছিল। ভক্তরা হতবাক হয়েছেন এ ধরনের ঘটনায় তার নাম জড়িত হওয়ায়।
সেলেস্ট রিভাসের পরিবার পুলিশের কাছে জোরালো দাবি তুলেছে দ্রুত তদন্ত শেষ করে ন্যায়বিচার দেওয়ার। স্থানীয় সম্প্রদায়ও এ ঘটনায় শোকাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এত দিন গাড়ির ভেতরে দেহ থাকার পরও খুঁজে পাওয়া যায়নি। LAPD জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক অবস্থায় আছে। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে, সত্য উদঘাটন করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।




