সিভিল সার্জনদের আন্তরিক প্রচেষ্টায় সীমিত সম্পদের মধ্যেও দেশের স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ পর্যন্ত উন্নত করা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদ্যমান নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করলেই এই উন্নতি অর্জন করা যায়।

Source: Somoy News | 12 May 2025 | Pic: Collected
সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “জনবল ও যন্ত্রপাতিসহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে থাকলে চলবে না। যা রয়েছে তা দিয়েই চিকিৎসা সেবা দিতে হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।”
তিনি আরও বলেন, “এতদিন কেন সিভিল সার্জন সম্মেলন হয়নি তা বোধগম্য নয়। এই সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি দেখা-সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, অনেক সমস্যা সম্পর্কে অবহিত ও নিষ্পত্তি হবে।”
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনরা অংশ নিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্মেলনের আগে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা করা হবে। এতে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর নানা কৌশল নিয়ে গুরুত্ব দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে করে জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




