বলিউডের কিং শাহরুখ খান এবার আবারও আলোচনার কেন্দ্রে। ৬০তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’-এর টাইটেল ও প্রথম লুক। সেই ছবিতে দেখা গেছে রূপালি চুল, দাড়ি, হাতে বন্দুক আর বাদামী জ্যাকেটের সঙ্গে নীল শার্ট পরা এক ভিন্নধর্মী শাহরুখকে। প্রকাশের পর থেকেই এই লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা মুগ্ধ, কিন্তু বিতর্কও থামছে না!

3 Nov 2025 | Pic: Collected
বিতর্কের শুরু ব্র্যাড পিটকে ঘিরে। কারণ, হলিউডের জনপ্রিয় তারকা ব্র্যাড পিট তার আসন্ন সিনেমা ‘F1’-এর এক দৃশ্যে একই রকম পোশাকে ধরা পড়েছেন। অর্থাৎ, বাদামী জ্যাকেট ও নীল শার্টে পিটের ছবিটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের মধ্যে তুলনা শুরু হয়ে যায়। অনেকে বলতে শুরু করেন— শাহরুখ নাকি ব্র্যাড পিটের কপি করেছেন! এমনকি কেউ কেউ বলছেন, “এ তো বলিউডের পুরোনো নকলের গল্প!”
তবে শাহরুখের ভক্তরা তৎক্ষণাৎ পাল্টা জবাব দেন। তারা শাহরুখের পুরোনো সিনেমা ‘জাব হ্যারি মেট সেজাল’ (২০১৭)-এর ছবি তুলে ধরেন, যেখানে শাহরুখ একই রকম পোশাকে ছিলেন। তাদের বক্তব্য— “শাহরুখ আগেই এই স্টাইল করেছেন, তাই উল্টোভাবে বলা যায়, ব্র্যাড পিটই হয়তো শাহরুখকে অনুসরণ করেছেন!”
সোশ্যাল মিডিয়ায় এখন চলছে দুই পক্ষের যুক্তি-তর্ক। কেউ বলছেন, এটি নিছক কাকতালীয়, আবার কেউ ভাবছেন, সিনেমা ইন্ডাস্ট্রির গ্লোবাল প্রভাব এখন এতটাই বেড়েছে যে একই ধরনের পোশাক বা স্টাইল হওয়াটা স্বাভাবিক।
এখনও পর্যন্ত শাহরুখ খান বা ব্র্যাড পিট কেউই এই বিতর্কে কোনো মন্তব্য করেননি। তবে একটা জ্যাকেট যে দুই দুনিয়ার দুই বড় তারকাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
ভক্তরা বলছেন— “শেষ পর্যন্ত কে কাকে নকল করেছেন, সেটা যাই হোক, শাহরুখ আর ব্র্যাড পিট—দুজনই আমাদের প্রিয়, আর এই বিতর্কই প্রমাণ করে তারা দুজনই বিশ্বজুড়ে প্রভাবশালী স্টাইল আইকন।”


